advertisement
advertisement

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা ও একজন গ্রেপ্তার


Doinik GhoreyBoshe Songbad |প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ণ
নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা ও একজন গ্রেপ্তার

গ্রেপ্তার

advertisement

নরসিংদীর মাধবদী এলাকায় এক ১৬ বছর বয়সী কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে এই ঘটনা ঘটে এবং আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর বাবা মাধবদী থানায় মামলাটি রুজু করেন। মামলার পর অভিযুক্তদের মধ্যে মো. মাহাবুব (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অপর অভিযুক্ত মোশাররফ মিয়া (৩০) এখনও পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করে। গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ মিয়া 'কথা আছে' বলে তাকে কৌশলে পার্শ্ববর্তী মাহাবুবের বাড়িতে ডেকে নেয়। অভিযুক্ত মোশাররফ ও মাহাবুব দুজনেই মাধবদী থানা এলাকার বাসিন্দা এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

রাত সাড়ে ১০টার দিকে মাহাবুবের বাড়িতেই মোশাররফ ও মাহাবুব জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের পর তারা ঘটনার ভিডিও ধারণের কথা জানিয়ে কিশোরীকে হুমকি দেয় যে, বিষয়টি কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা কিশোরীর মুঠোফোন ছিনিয়ে নেয় এবং বাড়ি থেকে দুই হাজার টাকা নিয়ে আসার নির্দেশ দেয়। কিশোরী বাড়ি থেকে সেই টাকা এনে দিলে তারা তার মুঠোফোন ফেরত দেয়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি জানার পর রাতেই কিশোরীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে মাহাবুবকে আটক করতে সক্ষম হন। তবে সে সময় মোশাররফ মিয়া পালিয়ে যায়। আটক মাহাবুবকে ওই রাতেই পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরীর বাবা মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই বিষয়ে জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে এবং মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃত আসামিকে মামলার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

advertisement

জাতীয় বিভাগের আরো খবর